মালদা মেডিকেলের রাত্রি নিবাসে তালা, খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য রোগীর পরিজনেরা
মালদা, ২১ ডিসেম্বর: নীল-সাদা রঙের ঝকঝকে চারতলা ভবন। বড় বড় হরফে লেখা— ‘রাত্রি নিবাস’ এবং নিচে উল্লেখ রয়েছে ‘রোগীর পরিজনদের জন্য’। বিপুল অর্থ ব্যয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে গড়ে ওঠা এই রাত্রি নিবাস ভবনটি বছর কয়েক আগে নির্মাণ সম্পূর্ণ হলেও আজও রোগীর পরিজনদের জন্য খুলে দেওয়া হয়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে শত শত রোগীর আত্মীয়স্বজনকে। প্রতিদিনই মালদা মেডিকেল চত্বরে দেখা যায়, ট্রমা কেয়ার ইউনিটের বারান্দা, মাতৃমা ভবনের সামনে শেডের নিচে কিংবা আউটডোরের বাইরে নর্দমার ধারে আশ্রয় নিচ্ছেন রোগীর পরিজনেরা। শীতের এই কনকনে ঠান্ডায় কেউ মাটিতে প্লাস্টিক বিছিয়ে, কেউ মশারি টাঙিয়ে কোনওরকমে রাত কাটাচ্ছেন। অনেকেই দিনের পর দিন এই অমানবিক পরিস্থিতির মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন। রোগীর আত্মীয় সাজ্জাক শেখ বলেন, “ভেতরে এত বড় বাড়ি খালি পড়ে আছে, অথচ আমরা ঠান্ডায় মাটিতে শুয়ে রাত কাটাচ্ছি। কর্তৃপক্ষ দেখেও কিছু করছে না।” মোহাম্মদ জিয়াউল শেখের অভিযোগ, “রাত্রি নিবাস লেখা থাকলেও আমাদের সেখানে ঢুকতে দেওয়া হয় না। পরিবার নিয়ে হাসপাতালের বারান্দায় থাকতে হচ্ছে...